চট্টগ্রামে রোহিঙ্গা নারীসহ ৪ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:১৭

চট্টগ্রাম অফিস

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রবিবার নগরীর কোতোয়ালি, পাহাড়তলী ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কামাল হোসেন (৩৮), তার স্ত্রী জুথি বেগম (২৫), হোয়াইক্যং ক্যাম্পের বাসিন্দা ফাতেমা বেগম (৩৭) ও লেদা ক্যাম্পের বাসিন্দা তৈয়বা খাতুন (২৪)। এদের মধ্যে নগরীর এ কে খাঁন গেইট এলাকা থেকে কামাল হোসেন ও তার স্ত্রী জুথিকে ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। স্টেশন রোড থেকে ৫০০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগমকে ও বাকলিয়া মেরিনার্স সড়ক থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তৈয়বা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেফতার করে।

কমলগঞ্জে ট্রেনে কাটা

পড়ে মহিলার মৃত্যু

 কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ছয়ফুন বিবি (৮৩) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টায় স্টেশনের আউটার সিগনালে দৌলতপুর গ্রাম এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। শমশেরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী জানান, নিহত বৃদ্ধা ছয়ফুন বিবি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।