বড়াইগ্রামে মাদকসহ পাঁচজন আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:১৮

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে শনিবার রাতে দুই কেজি দুইশ’ সাতান্ন গ্রাম গাঁজা ও ৭৯ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনের কাজে নিয়োজিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি টিম উপজেলার খিদিরপুর গ্রামে জাফর আলীর বাড়িতে অভিযান চালিয়ে  গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে নাজমা আক্তার, নুর আলম, আনোয়ার হোসেন এবং আনোয়ার হোসেনকে আটক করা হয়। অপরদিকে, রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাতুরিয়া এলাকায় হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আলকেছ আলীকে (৩০) আটক করেছে। এসব ঘটনায় বড়াইগ্রাম থানায় পৃথক পৃথক মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারে মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার সদর উপজেলা শিমুলতলা বাজার থেকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৭) নামে একজনকে আটক করে। সে সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। রবিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারের আলতাফ মটরসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই মুমিন উল্লাহ জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

কুমিল্লায় মাদকদ্রব্যসহ আটক চার

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির একাধিক টিম রবিবার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের চন্দন চক্রবর্তী, দক্ষিণ বিজয়পুর গ্রামের আইয়ুব আলী, আদর্শ সদর উপজেলার বালুতোপা গ্রামের শরীফ হোসেন, চাঁদপুর জেলা সদরের হরিনারচর গ্রামের শাহ আলম। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।