বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৪৫

বিনোদন ডেস্ক

 

বলিউড নায়িকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির ঘরে নতুন অতিথি আসছে এ খবর নতুন না। তবে এই দুই জনপ্রিয় তারকার ভক্তদের অপেক্ষা ছিল কবে আসছে সেই অতিথি। এবার সেই প্রতীক্ষার অবসান হলো। তাদের ঘর আলো করে এলো সন্তান। গতকাল বিকেলে কোহলি পত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কোলে জন্ম নেয় কন্যা শিশু। নিজের ইনস্টাগ্রামে বাবা হওয়ার এই সুখবরটি শেয়ার করেছেন বিরাট কোহলি নিজেই। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের  শুভেচ্ছা জানান এ তারকা। বিরাট লেখেন, ‘ বিকেলে (গতকাল) আমাদের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা-মা হয়েছি আমরা। জীবনের নতুন আরেকটি অধ্যায় শুরু হলো। শুভাকাঙ্ক্ষিদের  অনেক শুভেচ্ছা। আশা করছি আপনাদের ভালোবাসা আগের মতোই পাবো এবং এ সময় আমাদের গোপনীয়তা রক্ষায় সহযোগিতা করবেন।’

এদিকে, নতুন সন্তানের আগমনে কোহলি-আনুশকা দম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কোনো কার্পণ্য করছেন না ভক্ত-সতীর্থরা।