ভারতের চলচ্চিত্র উত্সবে ‘ফোকাস কান্টি বাংলাদেশ’

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৪৬

বিনোদন রিপোর্ট

 

ভারতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসরে এবার ‘কান্ট্রি ইন ফোকাস’-এর সম্মান পাচ্ছে বাংলাদেশ। গত ১০ জানুয়ারি রাতে ভারতের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনফর্মেশন ব্যুরোর এক বিবৃতিতে বাংলাদেশকে এই সম্মান দেওয়ার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কান্ট্রি ইন ফোকাস’ হলো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের একটি বিশেষ সেগমেন্ট। যেখানে একটি বিশেষ দেশের ‘সিনেমাটিক উত্কর্ষ ও অবদান’কে সম্মান জানানো হয়। এবারই প্রথমবার এই উত্সবে এ সম্মাননা পাচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, জানুয়ারির ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত গোয়াতে এই চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হবে। এবারের উত্সবে বাংলাদেশের ৪টি চলচ্চিত্রকে ‘শোকেস’ করা হবে। এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে নির্মাতা তানভীর মোকাম্মেলের ছবি ‘জীবনঢুলী’, জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, পরিচালক রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ১১টি শর্টফিল্মের সংকলন ‘সিনসিয়ারলি ইয়োর্স, ঢাকা’ বা ‘ইতি, তোমারই ঢাকা’।