শহরাঞ্চলে ডাস্টবিন

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৩৮

পরিবেশদূষণ বাড়ছে। এর কারণও নানাবিধ। পরিকল্পিত ডাস্টবিনের অভাব ও বর্জ্যের উত্কট গন্ধ পরিবেশদূষণকে করেছে দ্বিগুণ। বর্তমানে  শহরাঞ্চলের বেশিরভাগ জায়গায় নেই নির্দিষ্ট ডাস্টবিন। ফলে রাস্তার ধারে, বিভিন্ন গলিপথে, ড্রেনে আবর্জনা ফেলা হচ্ছে। এছাড়া বাসা থেকে যেসব ময়লা অস্থায়ী ডাস্টবিনে ফেলা হয় সেগুলো  দীর্ঘদিন ধরে না সরানোর কারণে রাস্তায় ছড়িয়ে যায় এবং সৃষ্টি হয় দুর্গন্ধ। এতে চলাচলে সমস্যায় পড়েন পথচারীরা। শুধু তাই নয়, বর্ষাকালে নালায় ও রাস্তার পাশে জমে থাকা আবর্জনা পচে তা বৃষ্টির পানির সঙ্গে মিশে দুর্গন্ধ ছড়ায় ও জলাবদ্ধতার সৃষ্টি করে। এসব ময়লার দুর্গন্ধে মানুষের নানাবিধ  শারীরিক সমস্যা হতে পারে। এছাড়া এতে  বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও বয়োজ্যেষ্ঠরা। এভাবে পরিবেশ দূষিত হলে অবধারিতভাবে তার প্রভাব পড়ে জনস্বাস্থ্যে। জনগণের মধ্যেও রয়েছে যথেষ্ট সচেতনতার অভাব। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিটি করপোরেশন কর্তৃক নির্দিষ্ট স্থানে পরিকল্পিত ডাস্টবিন নির্মাণ করাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরো সচেতন হতে হবে।

আরিফুল ইসলাম

শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ,

চট্টগ্রাম বন্দর কলেজ