মেয়র পদে চার প্রার্থী, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪০

শেরপুর পৌরসভা নির্বাচন

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

আগামী ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনি প্রচারণা জমে ওঠেছে। পৌর নির্বাচনে বড় দুই দলের প্রার্থীসহ চার জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা জগ ও ইসলামী আন্দোলনের নেতা ইমরান কামাল হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা জানান, এখানে মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় এ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে স্থানীয় আওয়ামী লীগ। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে তিনটি ওয়ার্ডে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর ৯টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, নির্বাচনি প্রচারণা নিয়ে সংঘর্ষের ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন বলেন, আমরা সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

নাগেশ্বরীতে প্রতীক বরাদ্দের পর জোর প্রচারণা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, মেয়র পদে পাঁচ জন, ওয়ার্ড কমিশনার পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর নির্বাচনের ঢেউ লেগেছে পৌরসভার সর্বত্রই। মেয়র পদে নির্বাচন করছেন—বর্তমান মেয়র জাতীয় পার্টির আব্দুর রহমান মিয়া (প্রতীক লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (প্রতীক নারকেল গাছ), আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেন ধলু সওদাগর (প্রতীক নৌকা), বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম (প্রতীক ধানের শীষ), হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম।

সারিয়াকান্দিতে প্রচারণা জমে উঠেছে

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (প্রতীক নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আলমগীর শাহী সুমন (প্রতীক নারিকেল গাছ), বিএনপি দলীয় প্রার্থী ছাবিনা সুলতানা বেবী  (প্রতীক ধানের শীষ) ও  স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আসগর (প্রতীক জগ)। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১১ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হাকিমপুরে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, আগামী ৩০ জানুয়ারি হাকিমপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীরা কী করতে পারবেন এবং কী করতে পারবেন না—সে সম্পর্কে অবহিত করা হয়। মতবিনিয়ম শেষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।