বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে বাঙালি বিজয়ের পরিপূর্ণতা লাভ করেছিল :ববি উপাচার্য

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪২

বরিশাল অফিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি বিজয়ের পরিপূর্ণতা লাভ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করলেও বিজয়ের স্বাদ অবলোকন করার জন্য ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানে কারাবরণ শেষে নিজ ভূমিতে ফিরেছিলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা বিজয়ের পূর্ণতা পেত না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও এর আইনি তাত্পর্য’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘এমিকাস গিল্ড’ এর আয়োজনে ও আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ্ এবং বিশেষ আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।