নড়াইল প্রতিনিধি
নড়াইলে গৃহবধূ নারগিস বেগমকে হত্যা মামলায় তার স্বামী মো. এনায়েত মোল্যাকে (৩৫) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। আসামি এনায়েত মোল্যা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনায়েত মোল্যার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে তার জরিমানার ১ লাখ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে এনায়েত মোল্যা শ্বশরবাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউরিয়নের চাঁদপুর গ্রামে থাকত। যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে নারগিস বেগমের ওপর নির্যাতন করত এনায়েত। এরই জেরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বাড়ির পাশের আমগাছে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে নারগিস আত্মহত্যা করেছে বলে তার স্বামী প্রচার করে। এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার নামে নড়াইল সদর থানায় মামলা করেন।
