খুলনা অফিস
অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও আধুনিকায়ন, আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের বিল বকেয়া পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে গেট সমাবেশ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। সোমবার বিকালে নগরীর খালিশপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ গেট সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন। বক্তৃতা করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব ও সিপিবি নেতা এস এ রশীদ, জনার্দন দত্ত নান্টু, মুনীর চৌধুরী সোহেল, শ্রমিকনেতা মোজাম্মেল হক খান প্রমুখ।
