শেষ হলো আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২১:২১

ইত্তেফাক রিপোর্ট

১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা গতকাল শেষ হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়েছিল বাংলাদেশসহ ১৯টি দেশ। এতে ৪৮০টি কোম্পানির মোট ৭৮০টি স্টল দিয়েছিল। যা গত বছরের চেয়ে ৬২ দশমিক ৫০ শতাংশ বেশি। বাংলাদেশ ছাড়া মেলায় অংশ নেওয়া দেশগুলো ছিল - অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চায়না, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, তুরস্ক, দুবাই, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম। বর্তমানে দেশে প্লাস্টিক পণ্য উত্পাদন ও বিপণন হচ্ছে মোট ২৫ হাজার কোটি টাকার। এর মধ্য থেকে সরকার তিন হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব পায়। এ খাতে মোট ১২ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে। সারা বিশ্বে প্লাস্টিক খাতের বাজার ৫৪৬ বিলিয়ন ডলারের। বরাবরের মত এবারেও মেলার উদ্দেশ্য সফল বলে আয়োজকরা মনে করছে।