সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৪৪

 

সাতকানিয়ায় নিখোঁজ শিশুর লাশ মিললো গোয়াল ঘরে

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা সাতকানিয়ায় নিখোঁজের পাঁচ ঘন্টা পর বাড়ির গোয়াল ঘর থেকে শিশু আসিফুর রহমান আব্রাহামের (৩) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার সময় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বইছ্যার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফোরকানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার পর থেকে আব্রাহামের মা ছেলেকে না পেয়ে চারদিকে খুঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যার সময় গোয়াল ঘরে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় চিকিত্সকের কাছে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়। উপজেলার কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ শিশু আসিফুর রহমান আব্রাহামের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠা করা হয়েছে। রবিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এই অফিসের উদ্বোধনফলক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সহজতর করা, অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দেওয়া, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক বিনিময়, তাদের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তির প্রক্রিয়াকে সহজতর করা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করাসহ আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০২০ সালের ১ জানুয়ারি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটি গত এক বছর কঠোর পরিশ্রম করে অফিসটির কার্য পরিচালনা বিধি ও সমঝোতা স্মারক চুক্তির ফরম্যাট চূড়ান্ত করলে সিন্ডিকেট তা অনুমোদন করে।

চারঘাটে মানসুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা উপজেলার শলুয়া দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মানসুর রহমানের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে চারঘাট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সরদহ সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ শাহাবুদ্দীন সরকার, ইউপি সদস্য ইমরান আলী, নিহত মানসুরের ভাই হামিদুর রহমান, নিহতের ছেলে মিজানুর রহমান স্বপন প্রমুখ।

নলছিটিতে রুম্মান হত্যার বিচার দাবি

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার দপদপিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত আনিচ বিশ্বাস ওরফে রুম্মান (১৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

পলাশে স্মার্ট কার্ড বিতরণ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৯টি ওয়ার্ডসহ চারটি ইউনিয়নের ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ শুরু করেছে পলাশ উপজেলা নির্বাচন অফিস। সোমবার সকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন ঘোড়াশালের পৌর মেয়র আলহাজ শরীফুল হক। এ সময় পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোছা. জোবাইদা খাতুন, ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, পৌর প্রকৌশলী আনোয়ার সাদাত্ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিমপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর এ বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ।