সিংড়ায় গাছে বেঁধে মারধরের ঘটনায় দুই আসামি কারাগারে

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৫৮

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় ছাগলচুরির অপবাদে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার বিলদহর এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেন ওরফে কছিম ও করিম আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শামীম হোসেন উপজেলার বিলদহর (বাঁধপাড়া) এলাকার কদম মোল্লার ছেলে ও করিম আলী একই এলাকার সিদ্দিক আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, গত রবিবার সিংড়া উপজেলার বিলদহর বাজার থেকে সাগর ও অন্তর নামে স্থানীয় কারিগরি স্কুলের দুই ছাত্রকে ছাগলচুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায় মোস্তফা সরদার ও সোহেল হোসেন। পরে ওই দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন চালায় তারা। এ ঘটনায় নির্যাতিত সাগরের বড় ভাই বিপ্লব প্রামাণিক বাদী হয়ে রাতে মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। গতকাল তাদের গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।