‘ফিল্ডিংয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা’

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:৫৯

রায়ান কুক : ফিল্ডিং কোচ

 স্পোর্টস রিপোর্টার

যে কোনো সিরিজেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে অন্যতম আলোচ্যবস্তু ফিল্ডিং। এই একটি বিভাগে সাদা চোখেই ধরা পড়ে অনেক দুর্বলতা। তবে সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের ফিল্ডিং ছিল উচ্চ পর্যায়ের। তা নজরে পড়েছে ফিল্ডিং কোচ রায়ান কুকেরও। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী তিনি।

সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলো দেখলেই বুঝা যায় ফিল্ডিং কতটা পার্থক্য গড়ে দেয় খেলার। একের পর এক ক্যাচ মিসের মাশুল দিতে হয় চরমভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ভুলগুলো এড়ানো নিয়ে কাজ করে যাচ্ছেন কুক। তার বিশ্বাস টাইগাররাও ভুল এড়ানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।        

কুক বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিং সাদা বল কিংবা লাল বল, দুই ক্ষেত্রেই পার্থক্য গড়ে দেয়। অবশ্যই ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু তার মানে এই নয় যে, এটি টেস্টে কম গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, খেলার সব দিক বিবেচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে আপনি ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং—সব ক্ষেত্রেই পুরো ৫০ ওভার ধরে চাপে থাকবেন। আমি সেই চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি এবং আমি নিশ্চিত যে, ছেলেরাও প্রস্তুত আছে।’

বিসিবি প্রেসিডেন্টস কাপে একটি দলের হেড কোচ হিসেবে ছিলেন কুক। তবে থাকেননি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য জাতীয় দলে যোগ দিয়ে ক্রিকেটারদের মধ্যে ফিল্ডিং নিয়ে বেশ ভালোই তাড়না দেখছেন তিনি। যদিও কারো কারো টেকনিকে সমস্যা আছে। অবশ্যই সেটা এক দিনে শেষ হওয়ার নয়। তবে নিয়মিত প্রস্তুতির মাধ্যমে দ্রুতই দুর্বলতা কাটিয়ে ওঠা সক্ষম বলে মনে করেন কুক।    

কুক আরো বলেন, ‘আমার মনে হয় তাদের মধ্যে দারুণ এনার্জি আছে। তারা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাইছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। তাদের টেকনিক নিয়ে অনেক কাজ করতে হবে, বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে। কিন্তু সাধারণত তাদের থ্রোয়িং বেশ ভালো। তাই আমি আশা করছি যে, তাদের এই উত্সাহ তা উন্নতি করতে সাহায্য করবে।’

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াই।  তিন  ম্যাচের ওয়ানডে খেলার পর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।