ছিটকে গেলেন ইমন

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

শুরুর আগেই শেষ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছিলেন পারভেজ হোসেন ইমন। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়ার পর থেকেই রোমাঞ্চের কমতি নেই যুব বিশ্বকাপজয়ী এই ওপেনারের। কিন্তু বাধ সাধল ইনজুরি। পুরনো কুঁচকির চোট আবারও জেগে ওঠায় স্কোয়াড থেকে ছিটকে পড়তে হলো তাকে।

চোটের কারণে গত দুই দিন অনুশীলন করতে পারেননি ইমন। হাসপাতালে নেওয়ার পর সেরে ওঠার জন্য অন্তত এক সপ্তাহ সময় দরকার বলে জানিয়েছে ডাক্তাররা। তাই তাকে জৈব সুরক্ষা বলয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফের জৈব সুরক্ষা বলয়ে ঢুকার আগে থাকতে তিন দিনের আইসোলেশনে। তবে এই অবস্থায় ওয়ানডে সিরিজে ইমনের খেলা অনেকটাই অনিশ্চিত।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলাকালীনই কুঁচকির চোটে ভুগছিলেন ইমন। কিন্তু তখন আন্দাজ করতে পারেননি পরবর্তীতে এটি বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। ঐ টুর্নামেন্টেই ব্যাট হাতে আলো ছড়ান ইমন। ফরচুন বরিশালের হয়ে ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ ২৯.১২ গড়ে ২৩৩ রান করেন এই বাহাতি ব্যাটসম্যান। মিনিস্টার রাজশাহীর বিপক্ষে তার সেঞ্চুরিটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। সেই ম্যাচে ৪২ বলে ৯ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি।