রোনালদোর রেকর্ডের রাতে জয়ী জুভেন্তাস

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৪

সিটি-স্পার্সের বড় জয়

 স্পোর্টস ডেস্ক

১০ জনের সাসসুয়ালোর বিপক্ষে সিরি আ-র ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাস। রবিবার তাদের এই জয়ে ভূমিকা রাখার পথে অতিরিক্ত সময়ে দেওয়া গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ড করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ওদিকে এফএ কাপের তৃতীয় পর্বের ম্যাচে যথাক্রমে বার্মিংহাম সিটি ও মেরিন এএফসির বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যারম্যারে প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাসসুয়ালো মিডফিল্ডার পেদ্রো ওবিয়াং। চোটের কারণে প্রথমার্ধে মাঠ ছাড়েন জুভেন্তাসের পাওলো ডিবালা ও ওয়েস্টন ম্যাকেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জন নিয়ে নামা সাসসুয়ালোর জালে দূরপাল্লার শটে বল জড়ান জুভেন্তাসের ব্রাজিলিয়ান ফুলব্যাক দানিলো। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জুভেন্তাস। আট মিনিটের মধ্যেই সমতা ফেরায় সাসসুয়ালো। ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে নিয়ে যান অ্যারন রামসি। অতিরিক্ত সময়ে রোনালদো গোল করলে তিন পয়েন্ট নিশ্চিত করে ‘তুরিনের বুড়িরা’। এই গোলের ফলে এই মৌসুমে লিগে রোনালদোর গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫তে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা ১৫ মৌসুম ধরে ১৫+ গোলের রেকর্ড করলেন এই পর্তুগিজ। 

এফএ কাপে বার্নাদো সিলভার জোড়া গোলে ভর করে দ্বিতীয় ডিভিশনের ক্লাব বার্মিংহামের বিপক্ষে ৩-০ গোলে জয়ী হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। অষ্টম ডিভিশনের ক্লাব মেরিনকে ৫-০ গোলে হারিয়েছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার। জয় নিয়ে চতুর্থ পর্বে উত্তীর্ণ হয়েছে চেলসি, ব্রাইটনও।