আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৬ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার দুই ব্যবসায়ী আশুলিয়া থানায় রবিবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গণকবাড়ী ইপিজেড এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ঐ দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা হলেন, মাদারীপুর জেলার শিবচর থানার মো. মোশারফ হোসেন ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মো. হেলাল উদ্দিন। এদের মধ্যে মোশারফ ঢাকার লালবাগ এলাকায় থেকে পুরোনো প্লাস্টিকের ব্যবসা করেন এবং হেলাল আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ব্যবসায়ী মো. মোশারফ হোসেন ও মো. হেলাল উদ্দিন জানান, আশুলিয়ায় ইসলামী ব্যাংকের ইপিজেড শাখা থেকে টাকা তুলে রিকশাযোগে কিছু দূর যাওয়ার পর একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে চোখ-মুখ বেঁধে মারধর শুরু করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে তাদের কাছে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৫ লাখ ৬৮ হাজার টাকাসহ সঙ্গে থাকা অন্য টাকাও ছিনিয়ে নিয়ে গাজীপুরের চন্দ্রা এলাকার অজ্ঞাত স্থানে তাদের ফেলে রেখে যায়। পরে সেখান থেকে উদ্ধার হয়ে আশুলিয়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম বলেন, ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।