করোনাকালে ১২৭৫ জনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের সেবা

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে গত ছয় মাসে ১ হাজার ২৭৫ জনকে আইনি পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। এর মধ্যে ৩৫৪ জন নারী ও ৯২১ জন পুরুষ। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু। এছাড়া একই সময়ে ৩৩টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস করোনাকালীন ছয় মাসে আইন সহায়তা প্রত্যাশীদের আইনি পরামর্শ দেওয়া অব্যাহত রাখে।

রিপন পৌল স্কু ইত্তেফাককে জানান, করোনায় প্রথমবারের মতো দেশে ভার্চুয়াল কোর্ট চালু হয়েছে। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস প্যানেল আইনজীবীদের নিয়ে সরকারি আইনি সেবা দেওয়া অব্যাহত রেখে চলেছে। নিজেরা সুস্থ থাকার পাশাপাশি অফিসে আসা আইন সহায়তা প্রত্যাশীদের সুস্থতার দিকে লক্ষ্য রেখে কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়া ৫৪টি মামলায় আইনজীবী নিয়োগ করে অসহায় বিচারপ্রার্থীদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করা হয় এ সময়ে।