সিআইএর প্রধান হচ্ছেন উইলিয়াম বার্নস

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:৪০

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হচ্ছেন প্রবীণ কূটনীতিক উইলিয়াম বার্নস। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন তার নাম ঘোষণা করেছেন। খবর আলজাজিরার

উইলিয়াম বার্নস এর আগে রাশিয়া ও জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। ৬৪ বছর বয়সী বার্নসের কূটনৈতিক জীবনই ৩৩ বছরের। তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রেসিডেন্টের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বার্নসকে সিআইএর পরিচালক হিসেবে বেছে নিয়ে বাইডেন বলেছেন, ‘তিনি আমাদের সিআইএর পরবর্তী পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমেরিকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তিনি খুবই অসাধারণ কূটনৈতিক। আমাদের দেশকে নিরাপদ রাখতে বিশ্বমঞ্চে দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। আমার মতো তিনিও বিশ্বাস করেন, গোয়েন্দা বিভাগ হবে রাজনৈতিক প্রভাবমুক্ত।’ ২০১৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে অবসরে যান উইলিয়াম বার্নস।