সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ডিজিটাল লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সারা দেশের ৩৯০টি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের বিপরীতে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি আবেদন জমা পড়ে। প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের স্কুলগুলোর লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষ হওয়ার পর গতরাত থেকেই প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd/) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারছেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা সংসদ টিভির মাধ্যমে দূরশিক্ষণ, অনলাইন পাঠদান এবং অ্যাসাইনমেন্টভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি। স্কুলগুলোতে যেহেতু বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেহেতু এ বছর লটারির মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে সব স্কুলে এবার মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ।
