উজিরপুরে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা আটক ৪

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:৪২

বরিশালের উজিরপুর থানায় ঢুকে প্রতিপক্ষ যুবককে মারধরের চেষ্টায় বাধা দিতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারী চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে উজিরপুরের মুন্ডপাশা গ্রামের সজিব হাওলাদার, রাজিব, সাইফুল ও মাইনুল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ইভটিজিংয়ের অভিযোগে এক মেয়ের পরিবারের সদস্যরা স্থানীয় আজিজ ফকিরের ছেলে নোমান ফকিরকে মারধর এবং পিতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নোমান ফকিরকে আটক করে থানায় নিয়ে যায়। দুপুরের পর ইভটিজিংয়ের শিকার ঐ মেয়ের পক্ষের ছয়-সাত জন থানায় ঢুকে নোমান ফকিরের ওপর পুনরায় হামলা চালায়। এ সময় থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সুদেব, এসআই মাহবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। উজিরপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।