আনুষ্ঠানিক উত্পাদনে রাজশাহী রেশম কারখানার ১৯ লুম

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:৪৩

রাজশাহী রেশম কারখানায় আনুষ্ঠানিকভাবে কাপড় উত্পাদন শুরু হয়েছে। গত রবিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ১৯টি লুম নিয়ে রাজশাহী কারখানা চলবে। এখানে বছরে ২৫ থেকে ২৬ হাজার মিটার রেশম কাপড় উত্পাদন হবে।

অনুষ্ঠানে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সিনিয়র সহসভাপতি ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. লোকমান হোসেন মিয়া, রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আবদুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় ১৯৬১ সালে সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রেশম কারখানা। ২০০২ সালে তত্কালীন বিএনপি সরকার কারখানাটি বন্ধ করে দেয়। এতে বেকার হয়ে পড়েন প্রায় ৩০০ জন শ্রমিক।

সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রেশম বোর্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর কারখানাটি চালুর উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় ২০১৮ সালের ২৭ মে পরীক্ষামূলকভাবে কারখানার পাঁচটি লুম চালু করা হয়। এরপর আরো ১৪টি লুম পরীক্ষামূলকভাবে চালু করা হয়। মুজিববর্ষ উপলক্ষ্যে মন্ত্রী এসব লুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে আরো ২৩টি লুম চালুর পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্মৃতি ধরে রেখে রেশমশিল্পকে এগিয়ে নিতে হবে। রেশম বাংলাদেশের ঐতিহ্য।

সভায় রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আবদুল হাকিম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে রেশম বোর্ডের প্রধান কার্যাবলি, এই শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা, সম্ভাবনা, সমস্যা মোকাবিলায় বোর্ডের প্রস্তুতি এবং ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় শেষে মন্ত্রী রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, পি-৩ কেন্দ্র ও রাজশাহী রেশম কারখানা ঘুরে দেখেন। রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি একটি আধুনিক পশুপালন ঘরও উদ্বোধন করেন। এরও আগে তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছীর চাঁদপুরে রেশম ব্লক, সম্প্রসারণ এলাকা এবং মোহনপুর চাকী সেন্টার পরিদর্শন করেন।