প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা আর নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২২:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী আর নেই। গতকাল সোমবার ভোরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রওশন আরা ওয়াহেদ রানীর স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমা রওশন আরা ওয়াহেদ রানীর প্রথম নামাজে জানাজা গতকাল বাদযোহর পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ-আসর ফতেপুর জয়সদন মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়।