কিশোরগঞ্জের ভৈরবে এক সপ্তাহের ব্যবধানে ফের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন নরসিংদী জেলার পলাশ উপজেলার খালিশারটেকের কিতাব আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে এ পেশায় নিয়োজিত ছিলেন। গতকাল সোমবার ভোরে শহরের দুর্জয় মোড়ের বেস্ট ইলেকট্রনিকস শোরুমের সামনে দাঁড় করিয়ে রাখা ঐ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিন শেষে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস সেখানে দাঁড় করিয়ে রাখা হয়। রাতের খাবার শেষে আবুল হোসেন বাসেই ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। দমকলবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দমকলবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে বাসের ৯০ শতাংশ পুড়ে যায়। একই সঙ্গে বাসে ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেনও পুড়ে অঙ্গার হয়ে যান। এর আগে গত ৩ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দুর্জয় মোড়ের সরদার কমপ্লেক্সের সামনে অনন্যা সুপার পরিবহনের আরো একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের বিষয়টি প্রথমে টের পেয়ে যাত্রীরা দ্রুত বাসে থেকে নেমে পড়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রাকিবুল হাসান মনে করেন, আজকের অগ্নিকাণ্ডের ঘটনাটি বাসের ভেতরে জ্বালানো মশার কয়েলের আগুন থেকে সূত্রপাত হতে পারে। ৩ জানুয়ারির অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
