গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির মূল হোতা ও গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি পলাশ শরীফকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বশেমুরবিপ্রবির চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৪৯টি কম্পিউটার চুরির মামলার মূল হোতা পলাশ শরীফকে আটক করা হয়েছে। জানা যায়, গত বছরের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ঐ বছরের ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তত্কালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়। সে সময়ে কম্পিউটার চুরির সঙ্গে পলাশ শরীফের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে যুবলীগ থেকে পলাশকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার হলেও এখন পর্যন্ত বাকি ১৫টি কম্পিউটারের হদিস মেলেনি।
