শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও পল্লি চিকিত্সক নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০০:২১

গতকাল সোমবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও একজন পল্লি চিকিত্সক নিহত হয়েছেন। গতকাল দুপুরে মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মোহা সিএনজি পাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মোরশেদা আক্তার (৭৫) এবং বিকেল সাড়ে চারটার দিকে জৈনা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক পল্লি চিকিত্সক বিল্লাল হোসেন নিহত হন। নিহত মোর্শেদা পৌর এলাকার দারগারচালা গ্রামের মৃত সামাদ মিয়ার স্ত্রী এবং বিল্লাল হোসেন উপজেলার ধনুয়া নয়াপাড়া গ্রামের মৃত হাজি নছিম উদ্দিনের পুত্র। 

মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন জানান, বৃদ্ধাকে ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও এর দুই আরোহীকে আটক করা হয়েছে। অন্যদিকে মোটরসাইকেলের চালক বিল্লাল হোসেনের মৃত্যুর জন্য দায়ী ট্রাকটি আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।