বাংলা বানানের নিয়মকানুন

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৯:১৩

সবুজ হাসান, শিক্ষক

১. বিসর্গ বনাম অনুস্বার

দেখতে মিল থাকলেও কোলন ( : ) ও বিসর্গ ( ঃ ) একেবারে পৃথক দুটি জিনিস।

প্রথমটি বিরাম চিহ্ন, পরেরটি ব্যঞ্জনবর্ণ।

প্রথমটি উল্লম্বভাবে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দুটি বিন্দু, পরেরটি উল্লম্বভাবে অবস্থিত ক্ষুদ্রাকার দুটি বৃত্ত।

অথচ প্রায়ই লেখা হয়ে থাকে ‘তারিখঃ ১২.০২-২০১৫’ কিংবা ‘আয়োজনে ঃ  জেলা প্রশাসন’।

অথচ লেখা উচিত ‘তারিখ : ১২,০২,২০১৫’ ও ‘আয়োজনে : জেলা প্রশাসন’।

আবার অনেক সময় কোলনের অপব্যবহার করে লেখা হয়ে থাকে ‘স্বত:স্ফুর্ত, ‘দু:খ’।

কিন্তু লিখতে হবে- স্বতঃস্ফুর্ত’, ‘দুঃখ’।

লেখার সময় কখনোই কোলনের পরিবর্তে বিসর্গ কিংবা বিসর্গের পরিবর্তে কোলন ব্যবহার করা যাবে না।

চেহারার তফাত্ বোঝার জন্য কোলন ও বিসর্গকে একটু বড়ো করে দেখা যাক :

কোলন বিরাম চিহ্ন, বিসর্গ ব্যঞ্জনবর্ণ

২. যতিচিহ্ন টাইপ করা

কম্পিউটারে যতিচিহ্ন টাইপ করার সময় সতর্ক থাকতে হবে। কয়েকটি বিষয় মনে রাখলে ভুল এড়ানো সম্ভব :

ক. কোলনের ( : ) আগে ও পরে সিঙ্গেল স্পেস দিতে হবে।

খ. কমার ( , ) আগে কোনো স্পেস হবে না, কমার পরে অবশ্যই সিঙ্গেল স্পেস দিতে হবে।

গ. দাঁড়ির (। ) ক্ষেত্রেও ঠিক একই রকম-এর আগে কোনো স্পেস হবে না, তবে দাঁড়ির পরে সিঙ্গেল স্পেস দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য সেমিকোলনের ( ; ) ক্ষেত্রেও।

ঘ. ড্যাশ (-) আর হাইফেনের ( - ) ব্যবহার গুলিয়ে ফেলা যাবে না।

হাইফেন যুক্ত করে দুটি শব্দকে, অন্যদিকে ড্যাশের কাজ দুটি বাক্য বা বাক্যাংশকে যুক্ত করা।

আকৃতির দিক দিয়ে ড্যাশ হাইফেনের দ্বিগুণ।

ড্যাশকে কোলনের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়।

ঙ. ড্যাশ, হাইফেন ও স্ল্যাশ বা বিকল্প চিহ্নের ( / ) আগে-পরে কোনো স্পেস হবে না।

৩. সংক্ষেপণের কলা-কৌশল

এককালে British Brodcasting Corporation-কে সংক্ষেপে লেখা হতেভ B. B. C.।

বাংলায় লেখা হতো- বি.বি.সি.। বাংলায় এভাবেও লেখা হতো -বি.বি.সি কিংবা বি বি সি।

প্রতিষ্ঠানের নামের আদ্যক্ষরসমূহ ব্যবহার করে সংক্ষেপণ করার ক্ষেত্রে ইংরেজি ভাষায় (বিশেষ করে, ব্রিটিশ ইংরেজিতে) এখন আর ফুলস্টপ ব্যবহার করা হয় না। অক্ষরগুলোর মধ্যে ফাঁকও দেওয়া হয় না।

British Brodcasting Corporation এখন BBC। একইভাবে The World Bank-এর সংক্ষেপিত রূপ The WB।

বাংলাতেও এখন ইংরেজির দেখাদেখি এভাবেই লেখা হয় বাংলাদেশ সংবাদ সংস্থার সংক্ষেপিত রূপ হলো বাসস, ডেপুটি কমিশনারের সংক্ষেপিত রূপ-ডিসি।

এ ধরনের সংক্ষেপণে ফুলস্টপ ও কমা ব্যবহার করা কিংবা অক্ষরগুলোর মধ্যে ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই।

                পরের অংশ শনিবার