নতুনরূপে পূর্ণিমা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:২৯

বিনোদন রিপোর্ট

 

এক সময় দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ক্যারিয়ারের শুরুর থেকে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে মাঝে তেমন একটা চলচ্চিত্রের খবরে দেখা মেলেনি এই অভিনেত্রীকে। বলা চলে এক রকম বিরতীতেই ছিলেন তিনি। অনেকদিন পর সেই বিরতীকে পাশ কাটিয়ে কাজে ফিরেছেন পূর্ণিমা। সম্প্রতি শেষ করেছেন ‘জ্যাম’ শিরোনামের একটি ছবির কাজ। যেখানে তাকে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে। এছাড়া বর্তমানে কাজ করছেন ‘গাংচিল’ নামের আরো একটি ছবিতে। জানা গেছে, ছবিটির কাজ শেষে দিকে রয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাংচিল’ ছবিটিতে একজন এনজিও কর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে সাংবাদিকের চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এক সময় জুটি বেঁধে অনেক ছবিতে কাজ করেছেন তারা। দর্শকগ্রহণযোগ্যতাও ছিল চোখে পড়ার মতো। তাই নতুন করে পর্দায় এই জুটির রসায়ন দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। আর এরইমাঝে নতুনরূপে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন পূর্ণিমা। সম্প্রতি এফডিসিতে ‘গাংচিল’ ছবির একটি আইটেম গানে অংশ নিলেন তিনি। দৃষ্টিনন্দন সেট তৈরি করে ছবির আইটেম গানের দৃশ্যধারণ করেছেন ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। নতুন ছবিটিতে নতুনভাবে নিজেকে উপস্থাপন তাই পূর্ণিমা ভক্তদের ভেতরে বাড়তি আগ্রহের জন্ম দিচ্ছে। ছবিটিতে ফেরদৌস-পূর্ণিমা ছাড়া আরো অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্তা তারিক আনাম খান ও আনিসুর রহমান মিলন। পরিস্থিতি অনুকূলে এলে এ বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।