ভারতের প্রথম সুপারহিরোইন!

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:২৯

বিনোদন ডেস্ক

 

ক্যরিয়ারে শুরু থেকেই কাজের ব্যাপারে খুব সচেতন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। একটু বেছেই কাজ করতে পছন্দ করেন তিনি। তার সিনেমা মানেই বলিউডে ভিন্ন এক চমক। এবার বলিপ্রেমীদের নতুন বছর শুরুতেই চমকে দিলেন ক্যাট। এ বছরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আর সেটিই হতে যাচ্ছে নায়িকা কেন্দ্রিক প্রথম ভারতীয় সুপারহিরো সিনেমা। নির্মাতা শ্রীরাম রাঘাওয়ানের পরবর্তী সিনেমা ‘সুপার সোলজার’-এ তামিল সুপারস্টার বিজয় সেতুপতির বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে।

কিছুদিন আগেই জানা যায়, করোনার কারণে ক্ষতির মুখে পড়েছেন এই নির্মাতা। আর তাই হয়তো ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে বড় বাজেটের সিনেমায় নামছেন শ্রীরাম। এর আগে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে ‘একিস’ নামক একটি সিনেমা শুরু করার কথা জানিয়েছিলেন তিনি। তবে আপাতত সেই সিনেমার কাজ শুরু করছেন না এ নির্মাতা। তার আগে তিনি সেরে নিতে চাইছেন ক্যাটরিনা ও বিজয়কে নিয়ে নতুন এই সিনেমাটি।

ক্যাটরিনা বলেন, ‘ভারতে এর আগে নায়িকা কেন্দ্রিক এমন সিনেমা নির্মিত হয়নি। তাই এই সিনেমায় কাজের সুযোগ পেয়ে নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করছে। আমি সবসময় আমার ভক্তদের চমকে দিতেই পছন্দ করি। এটা তাদের জন্য আমার নতুন বছরের উপহার। সিনেমাটিতে অনেক চমক থাকছে। সেগুলো ধীরে ধীরে খোলাসা করা হবে।’