কোভিড-১৯ :মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৪৬

কোভিড-১৯-এর সংক্রমণ নিয়ন্ত্রণে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তার এ পদক্ষেপ দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নড়বড়ে ক্ষমতাকে খানিকটা শক্তিশালী এবং আগাম নির্বাচন করতে চাওয়া বিরোধীদের চাপকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। পরিস্থিতি বিবেচনায় মালয়েশিয়ায় এ জরুরি অবস্থার মেয়াদ ১ আগস্ট পর্যন্ত থাকতে পারে বলে রাজদরবারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেসামরিক সরকার তার কাজ চালিয়ে যাবে বলে আপনাদের আশ্বস্ত করছি আমি। রাজা যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, তা সামরিক অভ্যুত্থান নয়; কারফিউও দেওয়া হবে না।

‘কোভিড-১৯ মহামারির ব্যাপকতা কমেছে কিংবা নিয়ন্ত্রণে এসেছে এবং নির্বাচন আয়োজন নিরাপদ-স্বাধীন বিশেষ কমিটি এ ধরনের ঘোষণা দেওয়ার পর যত দ্রুত সম্ভব নির্বাচন করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি,’ বলেছেন মুহিদ্দিন।

কোভিড-১৯-এর সংক্রমণজনিত পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কয়েক দিন আগেই দেশ জুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজধানী কুয়ালালামপুর ও পাঁচটি রাজ্যে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন।