জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপির অফিসের সামনে সংঘটিত বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় মনে হচ্ছে বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। এই ঘটনায় এমন ইঙ্গিত পাওয়া যায়। তবে বিএনপি নির্বাচনে এলে ভালোই হবে। বিএনপি এলে জাপা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে, আর না এলে জাপা তিনশ আসনেই প্রার্থী দেবে। গতকাল বৃহস্পতিবার এরশাদ তার বনানী কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
এরশাদ বলেন, মহাজোটের ব্যাপারে এখনো আলোচনা হয়নি। বিএনপি নির্বাচনে এলে আমরা জোটবদ্ধ হয়েই নির্বাচন করবো। আশা করছি আমরা জোটবদ্ধ হলেও প্রত্যাশা অনুযায়ী সম্মানজনক আসন পাবো। তিনি বলেন, ১৭ ও ১৮ নভেম্বর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
এরশাদ আরও বলেন, আমাদের নেতা-কর্মীরা নির্বাচনকে সামনে রেখে উজ্জীবিত। গত চার দিনে তারা প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাপা নির্বাচনে অনেক ভালো ফলাফল করবে।
আজম খান পার্লামেন্টারি বোর্ডের সদস্য
জাপার প্রেসিডিয়াম সদস্য আজম খানকে দলের পার্লামেন্টারি বোর্ডের সদস্য মনোনীত করেছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এর আগে ১৪ জনকে নিয়ে পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়। এ নিয়ে বোর্ডের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
