এসএমইতে প্রণোদনার ঋণ বিতরণে সময় বাড়ল আরো তিন মাস

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩২

নির্ধারিত সময়ে অর্ধেক ঋণ বিতরণ

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকার প্রণোদনার আওতায় ২০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা অনুমোদন করে। ৩১ ডিসেম্বরের মধ্যে এ ঋণ বিতরণে ব্যাংকগুলোকে সময়সীমা দেওয়া হলেও বিতরণ হয়েছে মাত্র অর্ধেক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৭ ডিসেম্বর পর্যন্ত এ খাতে বরাদ্দকৃত ঋণের বিতরণ হয়েছে ১০ হাজার ৫০০ কোটি টাকা। এ পরিস্থিতিতে ঋণ বিতরণে সরকার আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে। এসএমই  ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানানো হয়, এ সুযোগ শুধু প্রণোদনার ঋণ বিতরণের লক্ষ্য পূরণ করতে না পারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রীঘোষিত ২০ হাজার কোটি টাকার প্যাকেজের ঋণ বা বিনিয়োগ বিতরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। যেসব ব্যাংক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে প্যাকেজের ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে তা নিশ্চিত করতে একটি মাসভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে আগামী ১৭  জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। এই ঋণ বিতরণে ব্যাংকগুলোকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছে এসএমই  ফাউন্ডেশন।