১৫ হাজার প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ দেবে বায়ার

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩২

কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে নতুন কার্যক্রম শুরু করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স লিমিটেড। বৈশ্বিক কর্মসূচির আওতায় দেশের প্রায় ১৫ হাজার প্রান্তিক কৃষককে আধুনিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেবে। বায়ারের এ উদ্যোগকে সফল করতে সহযোগী হিসেবে থাকবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং স্থানীয়ভাবে সহযোগিতা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বায়ার, বিশ্বব্যাপী ‘বেটার ফার্মস্-বেটার লাইভস্’ উদ্যোগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বেটার লাইফ ফার্মিং কেয়ার প্যাকেজের আওতায় বিনা মূল্যে নানান ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় গত আমন ও বোরো মৌসুমে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দেশের ৫৯ জেলার ২৪২টি উপজেলায় ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উন্নত হাইব্রিড বিজ সরবরাহ করা হয়েছে। কার্যক্রমের বাড়তি উদ্যোগ হিসেবে দেশের আরো ১৫ হাজার প্রান্তিক কৃষককে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মহামারিজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক কৃষকদের সহযোগিতায় বায়ার বাড়তি এ উদ্যোগ গ্রহণ করেছে। —প্রেস বিজ্ঞপ্তি