কোহলিকে টপকালেন স্মিথ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় কটু কথা শুনতে হয়েছে স্টিভেন স্মিথকে। জবাব দিতে খুব বেশি সময় নেননি। সিডনিতে দুর্দান্ত এক সেঞ্চুরির (১৩১) মাধ্যমে সমালোচকদের চুপ করে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। শুধু তা-ই নয়, ঐ টেস্টেই দ্বিতীয় ইনিংসে খেলেন ৮১ রানের ইনিংস। দুই মূলব্যান ইনিংসের সুবাদে র্যাংকিংয়ে বিরাট কোহলিকে টপকে দুইয়ে অবস্থান করছেন স্মিথ।

আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ে স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭ থেকে বেড়েছে ৯০০-তে, আর ভারতের কোহলি ৯ পয়েন্ট হারিয়ে ৮৭০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন। র্যাংকিংয়ে যথারীতি শীর্ষ অবস্থানে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নতুন বছরের আগের দিনই পেয়েছিলেন শীর্ষে ওঠার খবর। এবার চূড়ায় বসে অনন্য কীর্তি গড়লেন তিনি।  প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে রেটিং পয়েন্টে স্পর্শ করলেন ৯০০-এর মাইলফলক। দুর্দান্ত এক গ্রীষ্ম শেষে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৯১৯) অর্জন করেছেন তিনি।

এছাড়া শীর্ষ ১০ মধ্যে দুই ধাপ এগিয়েছেন বেন স্টোকস (৬) ও চেতেশ্বর পুজারা (৮) এবং তিন ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস (৯)। তবে তিন ধাপ পিছিয়েছেন ডেভিড ওয়ার্নার (১০)।

বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন আসেনি। যথাক্রমে রয়েছেন চার পেসার প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়াগনার ও টিম সাউদি। তিন ধাপ এগিয়ে পাঁচে অবস্থান করছেন অজি পেসার জশ হ্যাজলউড। তিন ধাপ এগিয়েছেন জেমস অ্যান্ডারসনও (৭)। তবে তিন ধাপ পিছিয়েছেন মিচেল স্টার্ক (৮)। রবিচন্দ্রন অশ্বিন দুই ধাপ নেমে ৯ নম্বরে, জাসপ্রিত বুমরাহ এক ধাপ পিছিয়ে ১০-এ আছেন।

অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের স্টোকস। আর চারে আছেন সাকিব আল হাসান।