আমির বানানো কথা বলছে :মিসবাহ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

মানসিক অত্যাচারের অভিযোগ দিয়ে গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ আমির। পাশাপাশি আঙুল তুলেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ওপর। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করলেন মিসবাহ। তার মতে, এসবই আমিরের বানানো কথা।

মিসবাহ বলেন, ‘আমিরের ঘটনার পেছনে ওয়াকারের হাত আছে এমন কথা শোনা যায়। কিন্তু এসবই মিথ্যে। এখানে ছয় জন নির্বাচক, আমি প্রধান নির্বাচক ও তারপরে অধিনায়ক আছে। তাই একজনের পক্ষে দল নির্বাচনে প্রভাব রাখা কোনোভাবেই সম্ভব নয়।’

পাকিস্তানের হয়ে সর্বশেষ ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি খেলেছিলেন আমির। এরপর জিম্বাবুয়ে সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ডাক পাননি বাঁহাতি এই পেসার। মিসবাহর ভাষ্য অনুযায়ী, ফর্মহীনতার কারণেই বাদ দেওয়া হয়েছে তাকে ব্যক্তিগত বিদ্বেষ থেকে নয়। তিনি বলেন, ‘পারফরম্যান্সের বিচারে কেউই তাকে সমর্থন করেনি। আমার বুঝে আসে না কেন সে এসব বানানো কথা বলে তিলকে তাল বানাচ্ছে।’