স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় বিভাগ লিগ শুরু হবে ২০ জানুয়ারি। আগ্রহীদের ১৮ জানুয়ারির মধ্যে নাম এন্ট্রি করতে হবে ফেডারেশনে। ক্লাব ছাড়াও যদি কেউ কয়েক জন দাবাড়ুকে নিয়ে দল গঠন করে দ্বিতীয় বিভাগ লিগে খেলতে চায় তারাও ফি দিয়ে নাম এন্ট্রি করতে পারে। খুব সহজ করা হয়েছে।
ওয়ালটন গ্রুপ অর্থায়ন করছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার বলছিলেন, দ্বিতীয় বিভাগ থেকে খেলে ওপরের সারিতে উঠবে দাবাড়ুরা। জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে। ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বললেন, ‘এক সপ্তাহ আগে ঘোষণার কারণ হচ্ছে—আগ্রহীরা যেন নাম এন্ট্রি করার সুযোগ পায়।’ প্রতি দলে চার জন নিয়মিত ও দুই জন অতিরিক্ত দাবাড়ু থাকবে। খেলা ৮ বা ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে হবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে প্রথম বিভাগে। চ্যাম্পিয়ন ২৫, রানার্সআপ ১৫, তৃতীয় স্থানের দল পাবে ১০ হাজার টাকা। সঙ্গে ওয়ালটন সামগ্রী।
