সেতু ধস রোধে সচেতনতা কাম্য

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৩৯

সম্প্রতি রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সেতু ভেঙে গাছের গুঁড়ি বোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছে। সেতু ও গাছের গুঁড়ি বোঝাই দুটি ট্রাকের ওজন প্রায় ৫০ টন হবে। যেখানে ৫ টনের বেশি পরিবহন করা যায় না। একটি সেতুর নকশা ও নির্মাণশৈলী নির্ভর করে তার প্রয়োজনীয়তা, নির্মাণস্থলের প্রাকৃতিক অবস্থান, ব্যবহূত নির্মাণ সামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের ওপর। যখন কোনো সেতু তৈরি করা হয় তখন সেটা কতটুকু ভর সহ্য করতে পারবে, কত গতিতে গাড়ি চলবে, কত বছর মেয়াদ—তা নির্ধারণ করা হয়। এসব বিষয়ে অনেকেই জানে না বা জানলেও মানার প্রবণতা কম। ফলে হঠাত্ কখন কে দুর্ঘটনার শিকার হবে তা বলা কঠিন। তাই যানবাহন চালকদের প্রতি অনুরোধ, দুর্ঘটনা এড়াতে রাস্তা রুট সম্পর্কে যথাযথ ধারণা নিয়ে ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করুন। সেইসঙ্গে সেতু বিষয়ে মানুষকে ধারণা দিতে সেতুর সঙ্গে সেতু সম্পর্কে সব তথ্য ও সাংকেতিক চিহ্ন দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

মো. আরিফুল ইসলাম

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়