রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনের ৮৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদর মুন্সীরঘাটায় স্থাপিত মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্যে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্মসম্পাদক বশির উদ্দিন খান ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এর পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, মাস্টারদা সূর্য সেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে এখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
