জোর প্রচারণায় প্রার্থীরা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৫

চৌমুহনী পৌরসভা নির্বাচন

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

৩০ জানুয়ারি চৌমুহনী পৌরসভার নির্বাচন। ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ১১ জানুয়ারি প্রার্থীরা নিজ নিজ প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন প্রচার-প্রচারণা ও জনসংযোগে। চৌমুহনী পৌরসভায় মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর ৯টি ওয়ার্ডে ৩৬ জন, সংরক্ষিত মহিলা তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দেখা গেছে, নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় দোয়া ও ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে মাইক ব্যবহার করে রিকশা, পিকআপ ও অটোরিকশা করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া প্রতীক সম্বলিত পোস্টার শহরের বিভিন্ন সড়ক, অলিগলিতে শোভা পাচ্ছে। এবারের নির্বাচনে চার জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ফয়সল (নৌকা), বিএনপি প্রার্থী চৌমুহনী পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জাকের হোসেন (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যা (মোবাইল ফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দর্শনায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচার-প্রচারণা। মেয়র ও কাউন্সিলররা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, কখনো মাঠে আবার হাটবাজারে গিয়েও কুশল বিনিময় করছেন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু বলেন, সব দলের অংশগ্রহণে দর্শনা পৌরসভা নির্বাচন বেশ জমে উঠেছে। দর্শনা থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কোনো শৈথিল্য দেখানো হবে না। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ জানান, সোমবার সন্ধ্যার আগেই দর্শনা পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হাবিবুর রহমান (ধানের শীষ), সতন্ত্র প্রার্থী আশকার আলীকে (মোবাইল ফোন) মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত পদে আট জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২ জনকে প্রতীক দেওয়া হয়েছে। আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।