গোমস্তাপুর সীমান্ত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৫

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর সীমান্ত থেকে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের বিজিবিদের সহযোগিতায় আনারপুর সীমান্তের ২০৪/১ পিলারের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাইনুল বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর (ঘুঘিয়া) গ্রামের মৃত মঞ্জুরের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের আনারপুর তেলিপুকুর সীমান্তের কাঁটাতারের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি থানা পুলিশকে অবহিত করলে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সীমান্তবর্তী নদীতে মাছ ধরে ফেরার পথে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঐ ব্যক্তি মারা গেছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।