সখীপুরে ইয়াবাসহ চার জন গ্রেফতার

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২১:৪৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঘবেড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলার আইও থানার এসআই ফয়সাল আহমেদ জানান, গ্রেফতারকৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫), বাঘবেড় গ্রামের জেসমিন আকতার (২১), জামালপুর জেলার পলাশগড় এলাকার ইতি আক্তার (২৩), ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় গ্রামের আলী আকবর (২৮)। রফিকুল ইসলাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বিষয়টি গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন নিশ্চিত করেছেন।

জেলার সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) আবদুল মতিন মিয়া জানান, ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও তিনি জানান।