সার্ভার সমস্যা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
সার্ভার বিড়ম্বনায় মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনসহ অন্যান্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে এ অবস্থায় প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রাপ্তিতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
উপজেলার খিলা, বাইশগাঁও, মৈশাতুয়া, লক্ষণপুর, উত্তরহাওলা, নাথেরপেটুয়া, ঝলম দক্ষিণ, হাসনাবাদসহ বিভিন্ন ইউপির ডিজিটাল তথ্য সেবাকেন্দ্রে গিয়ে তাত্ক্ষণিক সেবা না পাওয়ায় বিপাকে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। সার্ভার বিড়ম্বনায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে অভিভাবকরা জানান, শিশুদের জন্ম সনদ নিতে বাবা-মার আইডি কার্ডের সঙ্গে তাদের জন্ম নিবন্ধন সনদও চাওয়া হচ্ছে। অনেক অভিভাবকের জন্ম সনদ না থাকায় শিশুর জন্ম সনদ তৈরিতে দেরি হচ্ছে। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন না হওয়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পাওয়া নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।
সার্ভার জটিলতায় গত এক মাসের বেশি সময় ধরে জন্ম নিবন্ধনের কোনো কাজ করতে না পারার কথা জানান নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন। একই অভিযোগ সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের। তিনি জানান, এমন বিড়ম্বনায় গত ১৫ দিনে নিবন্ধনসংক্রান্ত কোনো কাজ করা যায়নি। এতে সেবা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। উপজেলার বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সার্ভার ঠিকভাবে কাজ না করায় সেবাপ্রার্থীদের সঠিক সময়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় ছয় মাস ধরে এমন বিড়ম্বনায় পড়ার কথা জানান তিনি। উপজেলার লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ জানান, সার্ভার বিড়ম্বনায় জন্ম নিবন্ধন না হওয়ায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, নতুন সার্ভার চালু হওয়ায় সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।
