আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছে। তবে কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিপক্ষে সবাইকে সত্য প্রচারে গড়ে তুলতে হবে অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ।
গতকাল মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থসামাজিকসহ প্রতিটি খাতে অর্জন করে চলেছে ঈর্ষণীয় সাফল্য। এসব অর্জনের ধারা বর্ণিল করে তুলেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতিমধ্যে ঘটেছে নীরব বিপ্লব, রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্বযোগাযোগের নেটওয়ার্ক।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআইয়ের সদস্যরা।
