উটপাখির ডিম থেকে ইনকিউভেটরের মাধ্যমে চারটি বাচ্চা ফুটিয়েছে গাজীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ। আরো কিছু ডিম ইনকিউভেটরে রাখা আছে। এসব ডিম থেকে একাধিক বাচ্চা ফুটবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ। এর আগেও পার্কে প্রাকৃতিক পরিবেশে দুই বার উটপাখির বাচ্চা ফুটেছিল। প্রতি বছরই উটপাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটায় কর্তৃপক্ষের ছিল হতাশা ও অসন্তুষ্টি। তবে এবার ইনকিউভেটরে গত ৫ থেকে ৭ জানুয়ারি তিন দিনে উট পাখির চারটি ছানা ফুটেছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের জন্য ২০১৩ সালে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ছয়টি উটপাখি আমদানি করা হয়। পরে পার্কের দক্ষিণ-পশ্চিম পাশের ইমু পাখির বেষ্টনীর পাশের বেষ্টনীতে রাখা হয় উটপাখিগুলো। ২০১৭ সালের জানুয়ারিতে প্রাকৃতিকভাবে উটপাখির একটি বাচ্চা ফোটে। এর পরের বছরই আরো দুটি বাচ্চা ফোটে। এর আগে ময়ূরের বাচ্চা ফোটানো হয়েছিল ইনকিউভেটরের মাধ্যমে।
উটপাখির ছানাদের দেখাশুনার দায়িত্বে থাকা জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট সমির সুর চৌধুরী জানান, নিয়মিত ঘরের তাপমাত্রা মাপা হয়। কলমি শাক, বাঁধা কপি কুচি ও স্টাটার ফিড খেতে দেওয়া হচ্ছে বাচ্চাদের।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তবিবুর রহমান বলেন, পার্কের উটপাখিগুলো সব সময় ব্রিডিং করে। সময়মতো পর্যাপ্ত ডিমও দেয়। কিন্তু বাচ্চা ফুটত না। ফলে প্রায় সব ডিম নষ্ট হয়ে যেত। তবে ইনকিউভেটরের মাধ্যমে এখন নিয়মিত উটপাখির বাচ্চা পাওয়া যাবে বলে আশা করছি। এ সাফল্য আমাদের সবার প্রচেষ্টার ফসল।
