বসুরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমার নেতা ওবায়দুল কাদের সাহেব বলছেন, আমি নাকি স্বঘোষিত মেয়র প্রার্থী। দল আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছেন একরাম চৌধুরী। আমাকে হারানোর জন্য বিএনপির প্রার্থীকে টাকা দিয়েছেন তিনি। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন, আমি নাকি ওবায়দুল কাদেরের ভাই হিসেবে এসব কথা বলতে সাহস পাচ্ছি। অন্য কেউ হলে এসব কথা বলতে পারত না। অন্যরা বললে তাদের গলা চিপে ধরত, জেলে দিত, নইলে মেরে ফেলত।’ তিনি আরো বলেন, ‘ওবায়দুল কাদের আমার সাথে নেই, কেন্দ্রীয় নেতারা আমার সাথে নেই, নোয়াখালী প্রশাসনও আমার সাথে নেই, এখানকার প্রশাসনও নেই। আপনারা (জনগণ) আমার ভোট করবেন, স্বতঃস্ফূর্তভাবে আপনারা কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে আসবেন।’ আবদুল কাদের মির্জা জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা মুনাফেকি করবেন না, মুনাফেকি করলে আল্লাহ বিচার করবেন।’
তিনি মঙ্গলবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শহিদ নুরুল হক অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগের এক কর্মিসভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, আমেরিকান প্রবাসী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা প্রমুখ।
