কলাবাগানে ও লেভেল শিক্ষার্থীর মৃত্যু

ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিলেন নিরাপত্তা প্রহরী

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২২:৪৬

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় বাড়ির নিরাপত্তা প্রহরী দুলাল মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে মামলার সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করে ছেড়ে দেন।

এ ব্যাপারে রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, দুলাল মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে (সিসি ক্যামেরার ফুটেজের ছবি অনুযায়ী ১২টা ১২ মিনিট) একজন মেয়ে আসে পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টে। ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান দোতলার ডি-২ ফ্ল্যাট থেকে নিজেই নেমে এসে ঐ মেয়েকে সঙ্গে নিয়ে বাসায় যান। তবে ঐ মেয়ে প্রবেশের বিষয়ে তিনি রেজিস্টার বইয়ে কোনো তথ্য লিখেননি। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে দিহান ইন্টারকমে ফোন দিয়ে তাকে তার ফ্ল্যাটে যেতে বলে। দুলাল ঐ বাসায় ঢুকে দেখে যে ঐ মেয়েটি সোফার ওপরে অচেতন অবস্থায় শুয়ে আছে। এরপর দিহান ও সে দিহানের গাড়ির পিছনের সীটে তোলে। দুলাল নিজেই অ্যাপার্টমেন্টের গেট খুলে দেয়। দিহান গাড়ি চালিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে যান। পরে ঐ মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ভয় পেয়ে যান। এ কারণে তিনি ঐ অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যান।

এদিকে, নিউমার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, জব্দ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে সেরকম কোনো তথ্য মিলেনি। বিশেষ করে ঘটনার সময় দিহানের সঙ্গে তিন বন্ধু উপস্থিত ছিলেন কি না—তা এখনো আমরা নিশ্চিত না। তবে সিসি ক্যামেরার ফুটেজ আমরা বিশ্লেষণ করে দেখেছি।

গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ৬৩/৪, পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টের দোতলার ডি-২ ফ্ল্যাটে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যান ‘ও’ লেভেলের এক শিক্ষার্থী। এ ঘটনায় ঐ দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন মেয়েটির বাবা।