পুরান ঢাকায় ‘সাকরাইন’ উত্সবকে কেন্দ্র করে ডিজে পার্টি, আতশবাজি, ফানুস ও মাদক নিষিদ্ধের কার্যকর নীতিমালা চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন ৮৩ ব্যবসায়ী ও বাড়িওয়ালা। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে তারা এ আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চিঠিতে তারা বলেন, আগামী ১৪-১৫ জানুয়ারি পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ‘সাকরাইন’ অনুষ্ঠান পালিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন বাড়ির ছাদে নানা আয়োজন করা হয়। এর মধ্যে আছে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, ডিজে পার্টি, আতশবাজি, ফানুস উড়ানো ইত্যাদি। অথচ আতশবাজির কারণে বায়ুতে বিষাক্ত কনা ছড়িয়ে পড়ে, যার কারণে পাখিসহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটে। বিস্ফোরকের উচ্চ ও ভীতিকর শব্দে অসুস্থ রোগীদের সমস্যা হয়। এছাড়া ফানুস ও আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে। এর বাইরে চলে মদ-গাঁজা ও ইয়াবা সেবন এবং ডিজে পার্টি। উত্সবের নামে এগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।
