ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বৈষম্য দূর করা হবে। দেশের সব নাগরিক সমান অধিকার পাচ্ছে কি না, ভালোভাবে জীবনযাপন করতে পারছে কি না- সেটা দেখা হবে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল রবিবার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক দশকের উন্নয়ন: পরিপ্রেক্ষিত গ্রামীণ জনপদ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। দেশের যানজটের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যানজট নিরসনে মেট্রোরেল তৈরি করা হচ্ছে। কিছু সুযোগ-সুবিধা ভোগ করার জন্য প্রথমে একটু কষ্ট করতেই হবে বলে উল্লেখ করেন তিনি। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস। আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশে-এর প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার। সেমিনারে ফোরামের সদস্য সচিব সৌরভ জাহাঙ্গীর স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী প্রমুখ।
