রূপগঞ্জে আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ থেকে ইটপাটকেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয় বলে জানা গেছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কাউন্সিলর প্রার্থীকেই আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১৬ জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বিকেলে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও আরেক প্রার্থী রুহুল আমিন মিছিলের আয়োজন করে। সন্ধ্যায় উভয় পক্ষের মিছিল নোয়াপাড়া মহিলা মাদ্রাসার সামনে মুখোমুখি হলে উভয়পক্ষে উত্তেজিত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত ৭টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্র বের করে একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, সংঘাতের খবর পাওয়ার পর তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
