বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বিপর্যয় হয়েছে তাদের নিজেদের কারণে। তারা জনগণের বিষয়গুলোকে সামনে আনতে পারেনি। জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল। যখন কোনো দল জনগণের স্বার্থে রাজনীতি না করে নিজেদের স্বার্থে করে, তখন তারা তো সমর্থন পেতে পারে না।
গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রে একজন প্রতিবেদকের অনেক দায়িত্ব। তাঁদের অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে হয়। তথ্যমন্ত্রী বলেন, এ দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব। তথ্যমন্ত্রী কাজ করতে সাংবাদিকদের সহায়তা চান। এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির গত ১০ বছরের আন্দোলন ছিল তারেক জিয়ার মামলা থেকে অব্যাহতি, তাকে দেশে ফেরত আনা, নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন পুনর্গঠন দাবিতে। এগুলো নিয়েই তাদের রাজনীতি।
সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, নতুন সরকার গঠন হয়েছে। আগের কমিটিতে অনেকেই নেই। তাই নতুন করে কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। এছাড়া এতে টেলিভিশনের সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জন্য সরকার কাজ করছে।
