গাজীপুর সিটি মেয়রকে সংবর্ধনা প্রদান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০০:৪০

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম গাজীপুরের ঐতিহ্যবাহী চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠানের সামসুদ্দিন সরকার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক জ্ঞান মোহন সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম মোকছেদ আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাউন্সিলর রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলমকে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।